মঙ্গলবার (১৪ জানুয়ারি), বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সদর দপ্তর (জিএইচকিউ) পরিদর্শন করেছে। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে এই সফর দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে উচ্চস্তরের প্রথম সফর হিসেবে গণ্য হচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এই সফরকে ‘বিরল’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, এটি দুই দেশের সম্পর্কের দৃশ্যমান উন্নয়নের আরেকটি ধাপ। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের স্থবিরতা কাটিয়ে পুনঃস্থাপনের প্রচেষ্টা দেখা যাচ্ছে।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গে পৃথক বৈঠকে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধির নানা উপায় নিয়ে আলোচনা করেন।
পাকিস্তানের আইএসপিআর জানায়, উভয় পক্ষই শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক গড়ার ওপর জোর দেন এবং বহিরাগত প্রভাব থেকে এই অংশীদারিত্ব রক্ষা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
জেনারেল হাসান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বাহিনীর দৃঢ়তা ও প্রতিশ্রুতির প্রশংসা করেন।
বৈঠকে উভয় পক্ষই যৌথ প্রতিরক্ষা উদ্যোগ এবং আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতার প্রচেষ্টায় অব্যাহত সহযোগিতার প্রয়োজনীয়তা স্বীকার করেন। পারস্পরিক কৌশলগত স্বার্থ ও দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এই সফর দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক ও সামরিক স্থবিরতা কাটানোর নতুন সম্ভাবনার সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
0 মন্তব্যসমূহ